বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ
গাজীপুরে বাসচাপায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে, যাকে ওই বাসের সহকারী ধাক্কা দিয়ে বাস থেকে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় লেঅকজন ও পুলিশ জানিয়েছে।
নিহত হাবিবুর রহমান (১৯) নোয়াখালীর সেলিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাদের পরিবার দীর্ঘদিন ধরে টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া বাড়ি নিয়ে বসবাস করছেন।
স্থানীয় ব্যবসায়ী স্বপন সাংবাদিকদের বলেন, ভিআইপি পরিবহনের একটি বাসে করে সকালে কলেজে যাচ্ছিলেন হাবিবুর রহমান।
“পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসটির সহকারী ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে পড়েন।”
স্বপন বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
পূর্ব টঙ্গী থানার ওসি মো. এমদাদ বলেন, মৃত্যুর আগে বাসের হেল্পার বাস থেকে ছাত্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কিনা, নাকি বাস থেকে নামতে গিয়ে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, ঘটনার পর তার সহপাঠীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
