২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু রোগে ফরিদপুরে আরো একজনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক রোগী মারা গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2019, 12:41 PM

Updated : 10 Oct 2022, 09:29 PM

মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়।

নিহত মঞ্জু রানী (৫৫) রাজবাড়ী জেলার সদর উপজেলার বসন্তপুর গ্রামের হরিপদ কুমারের স্ত্রী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত শিশুসহ ১১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ডা. কামদা প্রসাদ জানান, গত সোমবার সকালে জ্বরে আক্তান্ত অবস্থায় নিজের বাড়ি থেকে এনে মঞ্জু রানীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা।

“পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ” 

কীটতত্ত্ববিদদের ভাষ্য, ডেঙ্গু রোগের জন্য দায়ী দুটি মশার একটি এইডিস অ্যালবোপিকটাস। এই মশা গ্রামে বেশি থাকে। এবার ‘উপযোগী পরিবেশ’ পাওয়ায় এইডিস ইজিপ্টির পাশাপাশি এই মশাও রোগটা ছড়ায়।

গত সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ২৭৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৮ হাজার ৭০৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

বছরের শুরু থেকে গত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৩৬ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ডেথ রিভিউ কমিটি ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে।

এদিকে ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন।

“বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন।”

এছাড়া গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা দুই হাজার নয়শ’ ৯৫ জনের মধ্যে বাড়িতে ফিরে গেছেন দুই হাজার চারশ’৩৪ জন রোগী। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে চারশ’ ৭৪ জনকে বলে জানান তিনি।