বাসের সঙ্গে সংঘর্ষের পর অটো খাদে, নিহত ১
ময়মনসিংহ সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষের পর একটি অটোরিকশা খাদে পড়ে এক আরোহীর প্রাণ গেছে; এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
নিহতের নাম মোহাম্মদ আইনুল (৩৪) বলে পুলিশ জানিয়েছে।তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, ময়মনসিংহগামী একটি সিএজি চালিত অটোরিকশার সঙ্গে তারাকান্দাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় এবং এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।“
অটোরিকশার আহত ছয় যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
