মেঘনায় ডাকাতের উৎপাত, ‘চুপ প্রশাসন’
চাঁদপুরে মেঘনা নদীতে প্রতিরাতে জেলে নৌকায় ডাকাতি হলেও প্রতিকারে প্রশাসন ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
হাইমচর উপজেলার কাঠাখালি থেকে চরভৈবরী পর্যন্ত মেঘনা নদীতে গত বুধবার রাত থেকে শুক্রবার মধ্যরাতের ভেতর অন্তত ছয়টি নৌকায় ডাকাতি হয়েছে বলে জেলাদের দাবি করেছে।
তাদের অভিযোগ-‘কোস্টগার্ড ও নৌ-ফাঁড়ির আশপাশেই ডাকাতির ঘটনাগুলো ঘটলেও প্রশাসন কোনো ভূমিকা রাখছে না।’
প্রতিরাতেই ১২টার পর থেকে ডাকাতির ঘটনা ঘটছে উল্লেখ করে হানারচর ইউনিয়নের জেলে শাজাহান বলেন, “ডাকাতরা ৩/৪ টা নৌকায় করে আসে। প্রতিটি নৌকায় ২০-২৫ জন করে থাকে।”
আরেক জেলে মনির মিজি বলেন, “ডাকাতরা রামদা, ছেনি ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জেলেদের মারধর করে। পরে নৌকায় থাকা ইলিশ মাছ, নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।”
“তবে ডাকাতির ঘটনা আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম।“
জেলেরা জানান, শুক্রবার মধ্যরাতে ডাকাতির শিকার হয় আলমগীর হাওলাদার ও খলিল গাজীর নৌকা। এর আগে বৃহস্পতি ও বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটে ফারুক গাজী, মমিন ছৈয়াল, হাসান ছৈয়াল ও মুখলেছ দর্জির নৌকায়। তাদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে।
জেলে আহসান গাজী ও বাদশা দর্জি জানান, বুধবার রাত থেকে শুক্রবার মধ্যরাত হাইমচর উপজেলায় ডাকাতদের নৌকায় ডাকাতির ঘটনায় প্রায় ২০০শ’ কেজি ইলিশ মাছ, ৪০ হাজার টাকা, প্রায় ৩০টি মোবাইল ফোন সেট, নৌকার জ্বালানি তেল, সৌরবিদ্যুতের বেটারিসহ বিভিন্ন জিনিস লুট করা হয়েছে। এ সময় প্রতিটি নৌকায় ৯-১০ জন করে জেলে ছিলেন।
নদীতে ডাতাকির ঘটনা ঘটলেও প্রশাসন থেকে কোনো প্রকার নিরাপত্তা দেওয়া হয় না বলে অভিযোগ করে জেলেরা বলেন, প্রতিদিন মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটছে। এতে করে নদীতে মাছ ধরতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে হানারচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাসার বলেন,“ গত তিনদিনে আমার ইউনিয়নেরই ৬টি নৌকা নদীতে ডাকাতির শিকার হয়েছে। ডাকাতরা তাদের সব কেড়ে নিয়েছে।
“নৌকা তীরে ভেড়ানোর জন্য প্রয়োজনীয় তেলটুকুও তারা লুট করে নিয়েছে।”
তিনি আরও বলেন, সরকার সন্দ্বীপ, হাতিয়াসহ বিভিন্ন এলাকার কুখ্যাত জলদস্যূতের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, সেইখানে চাঁদপুরে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা কোনভাবেই মানা যায় না।
বিষয়টি নজরে এনে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
