২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কোটি টাকার জাল নোটসহ আটক ২

ঢাকার সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 05:35 PM

Updated : 08 Apr 2022, 04:46 PM

বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে বলে র‌্যাব-৪ জানায়।

আটক দুই জনের নাম সেকেন্দার ও নাহিদ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানায়, আটক দুই জাল নোট কারবারী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল।

দুপুরে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা টাকা কেনার জন্য ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে ‘এক কোটি টাকার জালনোটসহ’ ওই দুই জনকে আটক করে।

এ সময় তাদের কাজ থেকে এক হাজার টাকার একশ’টি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

“তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে এবং    জাল টাকার মেশিন উদ্ধার করার জন্য অভিযান  চলছে।”

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।