ফতুল্লায় জঙ্গিবিরোধী অভিযান: ১৩ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা মামলা হয়েছে।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মোখলেসুর রহমান ছয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে ছাত্র মিশুক খান ওরফে মায়ের মিশাল ওরফে আবু উবায়না ওরফে মোহাম্মদ আলী (১৯) ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম জয়নাল উদ্দিনের ছেলে প্রভাষক ফরিদউদ্দিন রুমি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার সকাল থেকে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক রোবট।
ওসি আসলাম বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কার্য সংঘটনের জন্য বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি রেখেছেন। এছাড়া তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য পদ গ্রহণ, জঙ্গি সংগঠনকে সমর্থন, ষড়যন্ত্র, সাহায্য-সহযোগিতা, সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্ররোচিত ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন।
সোমবার ভোরে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ও ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় ‘নব্য জেএমবির দুই সদস্যকে’ গ্রেপ্তার করে তারা।
এদিকে গ্রেপ্তার রফিক উদ্দিন রুমির বাবা জয়নাল আবেদীন বলেন, তিনি তার ছেলেদের মধ্যে হঠাৎ করে কোনো পরিবর্তন দেখেননি। তারা আগে থেকেই সব সময় নামাজ পড়েন।
“আমি প্রশাসনের লোকজনকে বলেছি সুষ্ঠ তদন্ত করতে। তাদের যাতে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। এখন যে ঘটনা ঘটেছে সেটা সাজানো নাকি কেউ শত্রুতার থেকে করেছে এটা আমার জানা নেই। আমার ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্রতিবেশীরা কেউ এমন কিছু বলতে পারবে না।”
