চাঁদপুরে মাদক বাহককে দুই বছর কারাদণ্ড
চাঁদপুর শহরে মাদক বহনের অপরাধে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মমিন হাওলাদারকে (৩২) দুই বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেন তিনি।
মমিন শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদীর হাওলাদার বাড়ির সিরাজ হাওলাদারের ছেলে।
সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যাহ জানান, এ মামলায় প্রায় ১০ বছরে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেয় আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ নভেম্বর রাতে শহরের পালাবাজার এলাকা থেকে ১৭ বোতল বাংলা মদসহ মমিনকে আটক করে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালিন পরিদর্শক আবুল কাশেম ২০০৮ সালের ৪ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটির (এপিপি) মোক্তার আহমেদ অভি এবং আসামি পক্ষের মো. নঈমুল ইসলাম আইনজীবী ছিলেন।
