২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা দুদুর গ্রামের বাড়িতে ‘হামলা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2019, 03:11 PM

Updated : 10 Oct 2022, 09:25 PM

পুরনো খবর:

বিএনপির দুদুর বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলার আর্জি

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, আগের দিন রাতে একদল যুবক শামসুজ্জামান দুদুর ভাই বদরুজ্জামানের চুয়াডাঙ্গা শহরের বাড়িতে ‘সামান্য হামলা’ করে। এরপর পুলিশ বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে রাখে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুদুর বাড়ির কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

শামসুজ্জামান দুদুর ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা বলেন, “আমি ঢাকায় আছি। আমি যা শুনেছি তা হল, আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়েছে।”

গত সোমবার রাতে একটি টেলিভিশনের আলোচনায় দুদুর ওই বক্তব্য নিয়ে চট্টগ্রামে মামলাও হয়েছে।

ওই মামলার আর্জিতে বলা হয়, “গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান রাজকাহনে শামসুজ্জামান দুদু বলেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে’।”

এর প্রতিবাদে বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে একটি এবং কিছুক্ষণ পর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ চলাকালে শহরের সরকারি বালিকা বিদ্যালয় এলাকায় বিএনপি নেতা দুদুর পৈত্রিকবাড়িতে একদল যুবক হামলা চালায় বলে জানান ওসি আবু জিহাদ।