মৌলভীবাজারে জমির বিরোধের সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
ছত্তার মিয়া (৪৫) ফতেপুর এলাকার বাসিন্দা। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ফতেপুর এলাকার ছত্তার মিয়া ও ছয়দুর রহামানের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমা চলে আসছিল।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে ছত্তার মিয়াসহ কয়েকজন হাওর থেকে ঘাস কেটে ফেরার পথে প্রতিপক্ষ ছয়দুর রহামান ও সহযোগীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ছত্তার মিয়া গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি আবুল হাসিম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন সায়দুল ইসলাম, সিপার মিয়া, শিপন মিয়া ও সুহেল মিয়া। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
