২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুর ছাত্রলীগ সভাপতির উপর ফের হামলা

‘চাঁদার দাবি ও ব্যবসায়িক দ্বন্দ্বের’ জেরে গাজীপুরে এক ছাত্রলীগ নেতার উপরেএক সপ্তহের মধ্যে দ্বিতীয়বার হামলার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 11:55 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুর উপর হামলার অভিযোগে মামলা হয়েছে।

জিকুর চাচা মঞ্জুরুল আলম বাদী হয়ে শ্রীপুর থানায় করা এ মামলায় যুবলীগ কর্মী হাবিবুর রহমান জুয়েল, আশরাফুল আলম ওয়াসিমসহ ১৯ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন হাবিবুর রহমান জুয়েল (৩৬), মারুফ (১৮), রাসেল (৩৮) ও মাসুম।

এছাড়া এ ঘটনায় মেহেদী ও মামুন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।

সপ্তাহ খানেক আগেও এই ছাত্রলীগ নেতার উপর একবার হামলা হয়েছিল।

মামলার বরাত দিয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, গত ২২ অগাস্ট রাতে এলাকায় আধিপত্য নিয়ে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত জুয়েল ও ওয়াসিমের নির্দেশে জিকুসহ কয়েকজনের উপর সশস্ত্র হামলা হয়। এ সময় জিকুসহ কয়েকজন আহত হয়েছিলেন। এ ব্যাপারে একটি মামলা দায়েরও করেছিলেন জিকু। পরবর্তীতে ওই মামলার আসামিরা আদালত থেকে জামিন পান।

পরিদর্শক আক্তার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে জিকুর উপর ফের হামলা হয়েছে। জুয়েল ও ওয়াসিমদের বিরুদ্ধে আগের দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিস ব্যবসা ছেড়ে দেওয়ার দাবিসহ জেলা পরিষদের লিজ নেওয়া জমির উপর গড়ে তোলা দোকান-পাট ছেড়ে দেওয়ার প্রস্তাব এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।

তাদের ওই দাবি পূরণে রাজি না হওয়ায় জিকুর উপর ফের হামলা চলানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা জিকু বলেন, “বৃহস্পতিবার রাতে শ্রীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় ওয়াসিমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল যুবক লোহার পাইপ, রড, হকিস্টিক নিয়ে আমার উপর অতর্কিতে হামলা চালায়।”

স্থানীয় জুয়েল ও ওয়াসিমের নেতৃত্বে কয়েকদিন আগে তার ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটের ৮/১০টি দোকানে তালা লাগিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন জিকু।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, “হামলার পরপরই জিকুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও তারা হামলার চেষ্টা চালায়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জিকুকে পুলিশ পাহারায় হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফতেহ আকরাম বলেন, তার মাথায় তিনটি আঘাত ছিল। পুরো শরীর জুড়েই অসংখ্য আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।