২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা পুলিশের অভিযান, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বগুড়ায় দুইদিন আগে এক মাদক বিক্রেতাকে আটকের পর তার ঢাকার বাড়ি থেকে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2019, 07:14 PM

Updated : 08 Apr 2022, 04:35 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, ঢাকার মিরপুর -১ মধ্যপাইক পাড়ার বাসায় অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১২টায় দিকে  ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এছাড়া এ সময় ফয়েজ উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, গত ১৬ অগাস্ট বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গনকীরপাড়ের আব্দুস সালামের ছেলে ফারুককে আটক করে পুলিশ। ওই দিন তার স্ত্রী  নিপা বেগম ও আরও দুই সহযোগীকেও আটক করা হয়।

“এ ঘটনায় ডিবি পুলিশ বগুড়া সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ফারুককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার ঢাকার মিরপুরে ভাড়া বাসায় ভাড়া বাসায় আরও ইয়াবা থাকার তথ্য দেন।”

পরে ওই বাসায় অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে আটটি প্যাকেটে ত্রিশ হাজার ইয়াবা জব্দ করা হয় বলে ওসি জানান।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক মামলা রয়েছে। তারা কক্সবাজার থেকে অবৈধভাবে ইয়াবা ক্রয় করে বগুড়া শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।  

এ ঘটনায় মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।