২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে তরুণকে কুপিয়ে হত্যা

খুলনায় ‘পূর্বশত্রুতার জেরে’ গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 02:31 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

এছাড়া এ সময় ধারালো অস্ত্রের কোপে তার বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার তেরখাদা থানার ওসি মো. সালেকুজ্জামান।

নিহত নাঈম শেখ (২৫) ছাগলাদাহ ইউনিয়নের পহেরডাঙ্গা গ্রামের পিরু শেখের (৫২) ছেলে।

ওসি সালেকুজ্জামান বলেন, “মঙ্গলবার রাত আড়াইটার দিকে খুনি সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ছেলের চিৎকার শুনে বাবা পিরু শেখ এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

“আড়াই বছর আগে পিরু ও তার ছেলেরা একই বংশের সাইফুল শেখ ও তার ভাই খালিদ শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের দুই পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ আছে। ওই শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

খুনি শনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।