২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী নগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 09:42 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হড়গ্রাম এলাকায় কোর্ট স্টেশন মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন নগরীর গুড়িপাড়ার মাহাদুর আলীর ছেলে সাগর (২২), মৃত মিঠুর ছেলে রকি (২০) ও সম্রাটের ছেলে নাফিজুল (২০)।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মালবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী নগরীর দিকে যাচ্ছিল। তিন আরোহীসহ মোটরসাইকেলটি নগরের গুড়িপাড়ার দিকে যাচ্ছিল।

“এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের তিন আরোহী ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলে রকি ও নাফিজুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পর সাগরের মৃত্যু হয়।”

কুদ্দুস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে।