কোটালীপাড়ায় স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্র নয় দিন ধরে নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজ নাজমুল খান (১৪) উপজেলার তালপুকুরিয়া গ্রামের মনির খানের ছেলে। একই উপজেলার তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে।
মনির বলেন, গত ২৮ জুলাই বিকেলে নাজমুল তার স্কুলের সামনে রাস্তায় ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার পরনে কালো রঙের প্যান্ট ও গায়ে নীল শার্ট ছিল। বিভিন্ন এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার খোঁজ মেলেনি।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, খোঁজ নিয়ে জানা গেছে নাজমুল একজন সহজ-সরল প্রকৃতির ছেলে।
“সে একটি মুরগির ট্রাকে করে মাদারীপুর গিয়েছিল। ওই ট্রাকচালক নাজমুলকে আবার কোটালীপাড়া সদরে নামিয়ে দিয়ে যায় বলেও জানা গেছে। তারপর থেকে নাজমুল নিখোঁজ রয়েছে। জিডির পর আমরা মাদারীপুরসহ আশপাশের জেলাগুলোয় খবর দিয়েছি। আশা করি নাজমুলকে খুঁজে পাওয়া যাবে।”
