২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু রোগী

বিভিন্ন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে; যাদের মধ্যে প্রায় সবাই ঢাকায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 07:11 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

অনেক জেলায় কোনো সরকারি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা না থাকায় জ্বর নিয়ে রোগীদের আতঙ্কিত হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে।

এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮৩-এ। আগের দিন ১৫ হাজার ৩৬৯ জনের ডেঙ্গু আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ

গত এক সপ্তাহে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, ১৯ জনের মধ্যে এখন নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সুস্থ হয়ে ফিরে গেছেন।

এছাড়া সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জেবুন্নাহার বেগম।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমেশচন্দ্র সাহা বলেন, আক্রান্তদের বেশির ভাগই রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে এসেছেন। সিরাজগঞ্জে এখনও এ রোগ দেখা যায়নি।

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, তাদের হাসপাতালে গত কয়েক দিনে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকায় আক্রান্ত হয়ে এসেছেন।

“এ এলাকায় বাস করে এমন আক্রান্ত রোগী এখনও পাওয়া যায়নি।”

ডেঙ্গুর সব ধরনের পরীক্ষা তাদের হাসপাতালেই বিনা মূল্যে করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাছাড়া তাদের বিনা মূল্যে মশারিও সরবরাহ করা হচ্ছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোয় ডেঙ্গু নির্ণয়ের ব্যবস্থা নেই। এ কারণে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপরই নির্ভর করতে হচ্ছে রোগীদের।

গোপালগঞ্জের সিভিল সার্জন তরুণ মণ্ডল বলেন, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার কেউ কেউ  গোপালগঞ্জে থেকেও আক্রান্ত হয়েছেন। এ কারণে গ্রাম-শহর সব জায়গায় ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে।

“গোপালগঞ্জ সদর হাসপাতালে ১৪ জন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও  টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নয়জন সুস্থ হয়ে ফিরে গেছেন।”

শরীয়তপুর

শরীয়তপুরের সিভিল সার্জন দপ্তরের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, গত এক সপ্তাহে এ জেলায় মোট ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর আছে তাদের কাছে। আক্রান্তদের বেশির ভাগই অন্য জেলা থেকে এসেছেন। তাদের বেশির ভাগই পরীক্ষার পর ঢাকায় চলে গেছেন। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুল্লাহ বলেন, “আমাদের সদর হাসপাতালে শারমিন আক্তার নামে এক নারী ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়ি জাজিরা। তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসেছিলেন।”

নেত্রকোণা

নেত্রকোণা সদর হাসপাতালে মঙ্গলবার রাতে ছিলেন একজন ডেঙ্গু রোগী। বুধবার বেলা ১২টা নাগাদ এই সংখ্যা পাঁচজনে দাঁড়ায়।

Image
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, “আক্রান্ত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার। অন্যরা সবাই জেলা শহরের। আক্রান্তরা ঢাকা থেকে জীবাণু বহন করে এসেছেন।

“এছাড়া আরও বেশ কয়েকজন ডেঙ্গু পরীক্ষা করতে এসেছিলেন। এখানে পরীক্ষার ব্যবস্থা না থাকায় তারা ফিরে গেছেন। তবে তারা ডেঙ্গুতে আক্রান্ত না-ও হতে পারেন।”

নেত্রকোণার ১০টি সরকারি হাসপাতালের কোনোটিতে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা নেই।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, পরীক্ষার ব্যবস্থা চালু করার জোর চেষ্টা চলছে। দুই-একদিনের মধ্যে চালু হয়ে যাবে।

গাইবান্ধা

গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়াক মো. মাহফুজার রহমান জানান, তাদের হাসপাতালে সোমবার প্রথম একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। তার নাম সাগর। মঙ্গলবার প্রিয়া ও রাশেদুল নামে আরও দুইজনকে ভর্তি করা হয়।

“দিন গেলেই এই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তরা সবাই ঢাকা থেকে এই জীবাণা গাইবান্ধায় নিয়ে এসেছেন। তাদের কেউ কেউ ঢাকায় চাকরি করেন। আবার কেউবা লোখাপড়া করেন। ঢাকায় বেড়াতে বা কাজে গিয়েও এই রোগে আক্রান্ত হয়ে গাইবান্ধায় ফিরে আসেন অনেকে।”

অবস্থার অবনতি হওয়ায় এই হাসপাতাল থেকে রাশেদুল, এনাম ও প্রিয়া নামে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক শেখ মো. সুলতান আহমদে।

জেলার সিভিল সার্জন আবু হানিফ বলেন, গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। ভয়ের কারণ নেই।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার হাসপাতালগুলোতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলাসহ রোগীদের সেবায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া হিসাব মতে গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৫৮। তাদের মধ্যে গত কয়েক দিনে ডেঙ্গুতে আক্রান্ত অন্তত পাঁচজনকে জরুরি অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

Image
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া বলেন, এই হাসপাতালে গত চব্বিশ ঘণ্টায় ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এখন মোট রোগী ৩১ জন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৫ জন নারী। এছাড়া ইতিমধ্যে সুস্থ হয়ে ছয় জন হাসপাতাল ছেড়ে গেছেন।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. খালেকুল ইসলাম জানান, এখানে গত চব্বিশ ঘণ্টায় ৪ জন নতুন রোগী ভর্তিসহ ২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আতাউর রহমান বলেন, পরিস্থিতি মোকাবেলায় এ পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ক্রমবর্ধমান রোগীর চাপে ওষুধ ও শয্যা স্বল্পতাসহ বিভিন্ন কারণে সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে সমস্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের মশারীর ভিতর রাখার চেষ্টা চলছে। আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এ পর্যন্ত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তারা প্রায় সকলেই ঢাকা থেকে কিশোরগঞ্জ নিজ বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন।

জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও চিৎিসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে মাইকে প্রচার ও লিফলেট বিতরণ চলছে বলে তিনি জানান।

রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে।

বুধবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এ হাসপাতালে। হাসপাতালে বিশেষ ডেঙ্গু কর্নারে ও ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, এ হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী আসছেন। তাদের চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Image
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক ডেঙ্গু রোগীর চিকিৎসা মনিটরিং করছেন।

ডা. সাইফুর আরও বলেন, এখন পর্যন্ত যারা এ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তারা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। আর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চারজন ভর্তি হয়েছে। ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ডের ক্যাবিনে মশারি টাঙ্গিয়ে তাদের রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এ হাসপাতালে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ জন।

ঈদের মধ্যে হাসপাতালে ডেঙ্গু রোগী আরও বাড়ার আশঙ্কা করছেন হাসপাতালের এই কর্মকর্তা।

নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুলাই মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ থেকে ৮০ জন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মাসে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ থেকে ৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকদিন আগেই তাদের ঢাকায় পাঠানো হয়েছিল। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে ভর্তি থাকা রোগীরা আশঙ্কামুক্ত আছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাদি না থাকায় বাইরের ক্লিনিকগুলোতে পরীক্ষা করিয়ে ডেঙ্গু নিশ্চিত হতে হচ্ছে। তবে সরকারি নির্দেশ অনুযায়ী কম খরচে পরীক্ষা নিরীক্ষার জন্য ক্লিনিকগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল।

গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা সেলিম শেখ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎকের পরামর্শে মঙ্গলবার পরীক্ষা করালে রক্তে ডেঙ্গু রোগের জীবাণু ধরা পড়ে।  

সেলিম শেখ বলেন, “শরীর দুর্বল না হলেও ডেঙ্গু রোগের লক্ষণ দেখে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎকের পরার্শ নেই। পরে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তাতে ডেঙ্গুর জীবাণু পজেটিভ পাওয়া যায়।”

হবিগঞ্জ

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আরও ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগী হাসপাতালে ভর্তি হয়। এই নিয়ে এ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৬-এ।

এছাড়া মাধবপুর উপজেলায় পাওয়া গেছে আরও ৩ জন রোগী।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব। এর আগে মঙ্গলবার ও সোমবার ৫ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়।

কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এনিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল ৮।

বুধবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১), বিকালে কাঠালবাড়ি এলাকার মামুন (১৮) ও মঙ্গলবার গভীর রাতে পৌরসভার কৃষ্ণপুর মিয়াপাড়ার আমজাদের ছেলে শামিম (১৮) ভর্তি হয়েছে।

এরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হন। এছাড়া আরো তিনজন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার বলেন, গত চার দিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে ৫ জন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বিনিতা, মামুন ও শামিম নামে আরো তিনজন ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে ৩ জন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন।

নওগাঁ

নওগাঁয় আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে  জেলায় ১৬ জন ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে।

বুধবার শনাক্ত চার ডেঙ্গু রোগীর দুইজন নওগাঁ সদর হাসপাতালে ও দুইজন নওগাঁর ইসলামী হাসপাতালে ভর্তি হয়েছে।

নওগাঁ হাসপাতালে তত্তাবধায়ক ডা. রওশন আরা খানম জানান, বর্তমানে নওগাঁর সদর হাসপাতালে ৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এর আগে তিন জনকে  নওগাঁ সদর হাসপাতাল থেকে এবং বুধবার নওগাঁ ইসলামী হাসপাতাল থেকে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুইজন নারী নওগাঁ শহরে তাদের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

“ডেঙ্গু আক্রান্ত ৯ রোগীর ৮ জনই ঢাকায় এডিস মশার আক্রমনে জ্বর নিয়ে নওগাঁ আসেন। একজন নওগাঁতেই আক্রান্ত হয়েছেন।”

ডা. রওশন বলেন, “ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে ‘এনএস-১ ডিভাইস’হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষার পর ডেঙ্গু পজিটিভ পাওয়া গেলে সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মূল হচ্ছে স্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ আছে।”

শেরপুর

শেরপুর জেলা হাসপাতালে ৩১ জুলাই বুধবার  পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় ২১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে জেলা হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন ১১ জন। বাকিদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন এবং অন্যরা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

নতুন শনাক্ত হওয়া ৪ জন হলেন-সুমন মিয়া, তানজিম ইসলাম, সুলায়মান আহমেদ ও রাসেল মিয়া। এরা সবাই ঢাকা থেকে শেরপুরে বাড়ি আসার পর জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গু রোগী চিকিৎসায় শেরপুর জেলা সদর হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। আক্রান্তদের ডেঙ্গু কর্নারে বিশেষ পরিচর্যায় চিকিৎসা চলছে।

জেলা হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন বলেন, বর্তমানে ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। স্থানীয়ভাবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সামনে ঈদের সময় ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা লোকজনের চাপ বাড়বে। তখন ডেঙ্গু পরিস্থিতি হয়তো কিছুটা জটিল হতে পারে।