রাবিতে ভর্তি পরীক্ষার ফি কমানোর আহ্বান ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বরাবর স্মারকলিপি দেন।
উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে ছাত্রলীগ এ দাবির সঙ্গে আরও তিনটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে একাধিক ইউনিটে পরীক্ষার সুযোগ দেওয়া, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করা এবং নতুন বিভাগ খোলা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের চার দফা দাবির কথা জানিয়ে স্মারকলিপি দিয়েছি। উপ-উপাচার্য আমাদেরকে কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে সব বিষয় হয়ত তারা বিবেচনায় নিবেন না।”
নতুন বিভাগ খোলার দাবির বিষয়ে কিবরিয়া বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক যুগোপযোগী বিভাগ নেই। সেগুলোই খোলার কথা বলেছি। তাতে করে আসন সংখ্যা বাড়বে।”
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোহবান ও উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পায়নি।
এর আগে বুধবার ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি বছরের ভর্তিসংক্রান্ত তথ্যাবলি প্রকাশ করার পর থেকে ভর্তি পরীক্ষার আবেদন ফি ও বিভাগ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। আবেদন ফি কমানোর জন্য পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।
রোববার দুপুরে ফি কমানোর জন্য ‘বাণিজ্য বিরোধী শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরের দিন সোমবার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানবন্ধন করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরেও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার আবেদন ফি ও ইউনিট বিন্যাস নিয়ে শিক্ষার্থীদের আপত্তির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য দেয়।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত রাবিতে ভর্তির আবেদন ফি সম্পর্কে প্রকাশিত সংবাদ ও মন্তব্যের প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এসব সংবাদ ও মন্তব্যে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য বৃদ্ধি বিষয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে তা যথাযথ নয়। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ৫টি ইউনিট পুনর্বিন্যাস করে ৩টি (এ, বি, সি) ইউনিট করা হয়েছে।
“এ ইউনিটে কলা, চারুকলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদের ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। বি ইউনেটে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও আইবিএ অন্তর্ভুক্ত আছে। সি ইউনিটে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদভুক্ত ২৫টি বিভাগ আছে। প্রতিটি ইউনিটের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ও চূড়ান্ত আবেদন ফি ১৯৮০ (এক হাজার নয়শত আশি) টাকা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ (মানবিক) ইউনিটের পরীক্ষার্থীরা তাদের যোগ্যতা এবং পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট ইউনিট (এ) এর বিভাগসহ বি ইউনিটের নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে। একই সঙ্গে সি ইউনিটের ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে।
বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার্থীরা যোগ্যতা ও পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট ইউনিট (বি) এর বিভাগসহ এ ইউনিটের নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে। একই সঙ্গে সি ইউনিটের ভ‚গোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে।
সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার্থীরাও একইভাবে সংশ্লিষ্ট ইউনিট (সি) এর বিভাগসহ এ ও বি ইউনিটের নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যদিও বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তিতে অন্য ইউনিটে যাওয়ার তথ্য দেওয়া ছিল না।
সেখানে উল্লেখ ছিল মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধু বি ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধু সি ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে বলে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়।
জনসংযোগ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করে, “এই বছরের ভর্তি পদ্ধতি সহজকরণের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস ও আর্থিক সাশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।”
এ বছর বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষা হবে তিনটি ইউনিটে। আর দ্বিতীয়বারের সুযোগ না রেখে পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ অক্টোবর।
পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চ‚ড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।
পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর থাকবে। লিখিত অংশে থাকবে ২০টি প্রশ্ন, যার প্রতিটির মান ২ করে মোট ৪০ নম্বর। এমসিকিউ ৬০টি প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে ৫০ মিনিট আর লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট।
তবে একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটের পরীক্ষায় অংশ নিতে পারবে। ভর্তিচ্ছুদের প্রথমে ৫৫ টাকা ফি প্রদান করে প্রাথমিক আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটের জন্য ৩২ হাজার প্রার্থীকে বাছাই করা হবে। প্রাথমিকভাবে উত্তীর্ণদের ১৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করে পরীক্ষায় বসতে হবে।
