টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১
গাজীপুরের টঙ্গীতে একটি তুলা তৈরির কারখানা ভস্মীভূত হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, মঙ্গলবার বিকালে দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় ‘ওয়ার্ল্ড ভিলেজ সোর্সিং লি.’-এ আগুন ধরে।
“টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।”
আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন বলে তিনি জানান।
আতিকুর রহমান বলেন, আব্দুল হামিদের মালিকানাধীন ওয়ার্ল্ড ভিলেজ সোর্সিং লিমিটেডে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন ধরে।
আহত কারখানা শ্রমিক জাহিদকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জাহিদের বাড়ি গাইবান্ধায়।
আতিকুর বলেন, গার্মেন্টেসের ঝুট থেকে তুলা তৈরির মেশিনে ঘর্ষণজনিত কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
