২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে স্কুলছাত্রীকে ‘চেতনানাশক স্প্রে’, যুবক আটক

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে চেতনানাশক স্প্রে নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2019, 10:56 PM

Updated : 18 Aug 2022, 05:33 PM

সুজাপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানিয়েছেন।

সোনাগাজী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রীকে (১৫) সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুল আরেফিন বলেন, মেয়েটি মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে বাড়ির পাশে জাবেদ চৌধুরী সড়কে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুই মোটরসাইকেল আরোহী যুবক তাকে লক্ষ্য করে চেতনানাশক স্প্রে করে পালিয়ে যায়।

“প্রাইভেট শিক্ষকের বাসায় গিয়ে মেয়েটি অচেতন হয়ে গেলে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, এ ব্যপারে ছাত্রীর চাচা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছাত্রীর দেওয়া তথ্যমতে গোল্ডলীফ সিগারেটের বিক্রয় সুপারভাইজার ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্যাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ওসি আরও জানায়, বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে। ২৪ ঘণ্টা পর ছাত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।