সিদ্ধিরগঞ্জে ‘২০ ছাত্রীকে ধর্ষণ’: সেই শিক্ষকের স্বীকারোক্তি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম বিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ূন কবীরের আদালতে তিনি জবানবন্দি দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান।
ফাঁদে ফেলে এই বিদ্যালয়ের অন্তত ২০ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সহায়তার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক জুলফিকার ওরফে রফিকুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় এক ছাত্রী ও র্যাবের পক্ষ থেকে এ দুই শিক্ষকের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, স্কুল ছাত্রীদের ধর্ষণের ঘটনায় দায়ের করা দইুটি মামলায় শিক্ষক আরিফুল ইসলাম তিনদিন করে ছয়দিনের রিমান্ডে ছিলেন।
“রিমান্ডের তৃতীয় দিন আরিফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিতে রাজি হওযায় মঙ্গলবার বিকালে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে হাজির করা হয়।”
এসপি বলেন, ওই আদালতে শিক্ষক আরিফুল ইসলাম একাধিক শিক্ষার্থীকে ফাদেঁ ফেলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে, কাউকে পরীক্ষার খাতায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, আবার ফেল করা শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে অন্যের খাতা দেখে লেখার সুযোগ দিয়ে ধর্ষণ করেছেন বলে আদালতে জবানবন্দিতে স্বীকার করেছেন।
জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ জুন মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়। ওই ছাত্রী বিষয়টি তার বাবা-মা ও এলাকার লোকজনকে জানালে বৃহস্পতিবার এলাকার লোকজন ওই শিক্ষককে মারধর করে র্যাবের কাছে তুলে দেয়।
র্যাব শিক্ষক আরিফুল ইসলাম ও জুলফিকার ওরফে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। একই সময়ে তারা আরিফুল ইসলামের মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ২০ থেকে ২৫ ছাত্রীকে ধর্ষণের ভিডিও উদ্ধার করে।
ধর্ষণের ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে আরিফুল ইসলাম ছাত্রীদের ধর্ষণ করতেন। এ ঘটনায় র্যাব ও নির্যাতিত ছাত্রীদের পরিবাররে পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।
