২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ‘২০ ছাত্রীকে ধর্ষণ’, ২ শিক্ষক রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অন্তত ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 11:49 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

শনিবার নারায়ণঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ুন কবীর এ আদেশ দেন। 

এ দুই শিক্ষক হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার অক্সফোর্ড হাই স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকার।

আশরাফুল ইসলামকে দুই মামলায় তিনদিন করে ছয়দিনের এবং রফিকুল ইসলামকে একদিনের রিমান্ডে দেওয়া হয় বলে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।  

হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অক্সফোর্ড হাই স্কুলের ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

“শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।”

শুক্রবার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

আশরাফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্কুলের এক ছাত্রীর বাবা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি দায়ের করেন র‌্যাব-১১ এর ডিএডি আব্দুল আজিজ।

অক্সফোর্ড হাই স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম আরিফ স্কুলের ও ও স্কুলের বাইরে ২০ থেকে ২৫ ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ কাজে সহায়তার অভিযোগ ওঠে একই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে।

এ অভিযোগ এলাকাবাসী আশরাফুলকে ধরে পিটুনি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।