প্রতারণার মামলায় ধুনটের ২ শিক্ষক হাজতে
‘সেনাবাহিনীতে চাকরি দেওয়ার’ নামে প্রতারণার অভিযোগে বগুড়ার ধুনটের একটি বিদ্যালয়ের দুই শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
পাশের জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আমলী আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।
দুই শিক্ষক হলেন ধুনটের গোসাইবাড়ী কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল (৫৫) ও সহকারী শিক্ষক মজিবর রহমান (৫৫)।
মামলার নথি থেকে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার একটি চক্র সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে সিরাজগঞ্জের উপল্লাপাড়া উপজেলার গাড়াবাড়ী গ্রামের আরিফুল ইসলাম, শহরিয়ারপুরের মিলন, ঘিয়ালা গ্রামের সাজেদুল ইসলাম ও মোড়গ্রামের জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে জনপ্রতি ৪-৫ লাখ টাকা নেয়।
ওই ঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ৫ জুন আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য উল্লাপাড়া থানার ওসিকে নির্দেশ দেয়। পরে মামলাটি তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ওই মামলার আসামিরা হলেন ধুনটের গোসাইবাড়ী কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান (৫৫), তার ছেলে রাসেল (২৫) এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল (৫৫)।
তোফাজ্জল হোসেন বলেন, এই প্রতারণা মামলায় হাজিরা দিতে এলে প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল ও সহকারী শিক্ষক মজিবর রহমানকে আদালত জেল হাজতে পাঠিয়েছে। মামলার মূল আসামি গ্রেপ্তারের পরই আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষক এনামুল বারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলছে রাজশাহী মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে।”
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা বলেন, মামলায় কোনো শিক্ষক জেল হাজতে গেলে নিয়মানুযায়ী তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে।
