রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা
রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি শাকিল আহমেদ জানান, রোববার রাত ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের লেফপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কারিমা (৪০) ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, “গভীর রাতে দুর্বৃত্তরা কারিমাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কারিমার র মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “তার মুখে ধারালো অস্ত্রর আঘাতের চিহ্ন রয়েছে।”
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বুলবুল বলেন, দুই সন্তানের জননী কারিমা ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন; বড় ছেলে চাকরির কারণে এলাকার বাইরে থাকে।
“আর দুই বছর আগে এলাকায় একটি খুনের ঘটনার পর থেকে তার স্বামী শফিকুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই খুনের মামলা তিনি আসামি না হলেও তিনি আর এলাকায় ফেরেননি।”
