ধুনটে ছাত্রদের চুল কাটলেন শিক্ষক, পরীক্ষা বর্জন
বগুড়ার ধুনটে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে কয়েকজন ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন দুই শিক্ষক। এতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন।
শনিবার ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম ও দশম শ্রেণির কয়েকজন ছাত্র জানান, বর্ষমধ্য পরীক্ষা চলাকালে সকাল ১০টায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ও দশম শ্রেণির গণিত পরীক্ষায় প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন।
পরীক্ষা শুরুর অধাঘণ্টা পর শ্রেণীকক্ষে ঢুকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন ও রিক্তা আক্তার মারধর করে প্রায় ৫০/৬০ জন ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে নবম ও দশম শ্রেণির প্রায় সকল ছাত্র পরীক্ষা বর্জন করে বিদ্যালয় ত্যাগ করেছেন।
এ বিষয়ে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয়ের কারিগরি শাখার নবম ও দশম শ্রেণির কিছু ছাত্র নিয়মিত ক্লাসে আসে না। তারা বিদ্যালয়ের কোনো নিয়মকানুনও মানে না।
“অনেকদিন যাবত তাদেরকে মাথার চুল কেটে আসতে বললেও তারা কথা শোনে না। তাই পরীক্ষার হলেই তাদেরকে চুল কেটে দেওয়া হয়েছে।”
তবে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ হেল বাকী বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্ বলেন, পরীক্ষা চলাকালে ছাত্রদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনা দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, পরীক্ষার হলে ছাত্রদের মাথার চুল কেটে দেওয়া হলে ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
