মেহেরপুরে মাদকের আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাজীপুর থেকে ছয় মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর জানিয়ে পুলিশ বলেছে, ‘দুই দল মাদক চোরা কারবারির গোলাগুলিতে’ তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি ওবাইদুল ইসলামের ভাষ্য।
নিহত এনামুল ইসলাম (৪২) গাংনী কাজীপুর বর্ডারপাড়া এলাকার দাউদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের একটি, চাঁদাবাজির অভিযোগে একটি এবং মাদক আইনের চারটি মামলা রয়েছে গাংনী থানায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গোলাগুলি থামিয়ে পালিয়ে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ এবং একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়।”
ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্থানীয়রা তাকে এনামুল হিসেবে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য এনামুলের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
