সাতক্ষীরায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সাতক্ষীরা শহরে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহত মুকুল হোসেন (৪৫) সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলাকার বাসিন্দা। সকালে কুচপুকুর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মুকুল স্থানীয়দের কাছে ‘মুকুল চোর’ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় ডজনখানেক চুরির মামলা রয়েছে।
ওসি বলেন, “মরদেহ থেকে দুর্গন্ধ আসছিল। দুই-তিন দিন আগে তাকে হত্যা করে আজ ভোরে এখানে লাশ ফেলে গেছে বলে আমাদের মনে হয়েছে।”
তবে কারা কেন মুকুলকে হত্যা করেছে - সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পায়নি পুলিশ।
