‘অতিরিক্ত’ প্রবেশ মূল্য, সাফারি পার্কের কাউন্টারে তালা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি অংশে প্রবেশে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠার পর বাকবিতণ্ডার মধ্যে টিকিট কাউন্টারে বন্ধ রাখার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার এ ঘটনায় পার্কের ওই অংশে টিকেটের জন্য অপেক্ষমান দর্শনার্থীদের দীর্ঘ লাইন হয় এবং দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পার্কের রেঞ্জার মোতালেব হোসেন বলেন, নাহিদ অ্যান্ড গ্যালাক্সি ট্যুরস এন্ড ট্রাভেলস-এর স্বত্ত্বাধিকারী নাহিদা ইসলাম ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ‘কোর সাফারি পার্ক’ ইজারা নেন। দরপত্রের শর্তানুয়ায়ী প্রাপ্ত বয়স্কদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা এবং অপ্রাপ্ত (১৮ বছরের নিচে) বয়স্কদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার কথা থাকলেও ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদের কাছ থেকেও ১০০ টাকা করে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।
“গত কয়েকদিন ধরেই কোর সাফারি পার্কের ফটকের কাউন্টারে ইজারাদারের লোক পরিচয়ে জনৈক মহিউদ্দিন মাতবর এবং সালামত হোসেন রনি উপস্থিত হয়ে দর্শনার্থীদের কাছ থেকে ওই অতিরিক্ত প্রবেশ মূল্য নিচ্ছিল।”
“শুক্রবার গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যত্যা পাওয়া গেলে পার্ক কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত টাকা নিতে বারণ ও কড়াকড়ি আরোপ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কোর সাফারিতে ঢোকার টিকেট কাউন্টার এবং ফটক বন্ধ করে দেয়।”
তিনি বলেন, এ ঘটনায় সাফারি পার্কে মূল আকর্ষণ কোর সাফারি পার্কে প্রবেশের অপেক্ষায় থাকা দর্শণার্থীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয় এবং তাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে ফটকের পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু হয়।
এদিকে রনি রেঞ্জার মোতালেব সাহেবের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে বলেন, তিনি তাদের কাছে সবসময় টাকা দাবি করেন। তা না দেওয়ায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দরপত্রের শর্তে না থাকার পরও তিনি শিক্ষার্থীদের জন্য মওকুফে টিকেট বিক্রি করতে বলেন। এসব নিয়ে তার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়।
রনি বলেন, শুক্রবারও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ মূল্য ৫০ টাকা করে নিতে বাধ্য করেন এবং তিনি টাকা দাবি করেন। এছাড়া তিনি বিনা টিকিটে লোকজন ভেতরে প্রবেশ করান।
এ ব্যাপারে মোতালেব হোসেন বলেন, চুক্তি মোতাবেক পার্কের কিস্তির টাকা নিয়মিত পরিশোধ না করায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ওই কাউন্টারে কিস্তির টাকা আদায় করতে গেলেও কোনো অনৈতিক সুবিধা তিনি দাবি করেননি। আর চুক্তি মোতাবেকই তাদের গাড়ি সরবরাহ করা হয়েছে।
টিকিট বিহীন দর্শনার্থী প্রবেশের বিষয়ে মোতালেব বলেন, কিছু বিভাগীয় কর্মকর্তা, কিংবা ভিআইপি লোকজনের ক্ষেত্রে সেটি করা হলেও তার সংখ্যা খুবই নগণ্য।
গাজীপুর সিটির চান্দনা-চেরৈাস্তা এলাকা থেকে পার্কে আসা মো. বাহার উদ্দিন বলেন, তিনি তার আট বছরের ও পাঁচ বছরের দুই মেয়ে নিয়ে পার্কে যান। কিন্তু কর্তৃপক্ষ মূলফটকে ঢুকতে তার দুই মেয়ে ও তার জন্য ৫০ টাকা করে মোট ১৫০ টাকা নিয়েছে।
“পরে জানতে পারি প্রধান ফটকে অপ্রাপ্তদের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা এবং প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা।”
একই অভিযোগ করেন, গাজীপুরের কোনাবাড়ি থেকে আসা দর্জি জিয়াউর রহমান।
“ইতিপূর্বেও তাদের প্রবেশে নিষেধ করা হয়েছে। তারা আবারও কীভাবে ভেতরে ঢুকল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত প্রবেশ মূল্য নেওয়ার অভিযোগের সত্যতা পেলেও সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়া হবে।”
ঈদের তৃতীয় দিনেও সাফারি পার্কে দর্শণার্থীদের ঢল অব্যাহত ছিল। প্রতিটি ইভেন্টেই ছিল উপচেপড়া ভিড়।
শুক্রবার দর্শনার্থীদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
