২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই পক্ষের আধিপত্য বিস্তারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2019, 11:07 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

লাখাই থানার ওসি মো. এমরান আহমেদ জানান, উপজেলার রুহিতনশি গ্রামে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম (৩৫) ওই গ্রামের ছমেদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আমিনুল হক ও শরীফ তালুকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শরীফ তালুকদারের পক্ষের জহিরুল নিহত হন।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

ওসি এমরান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।