২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুইজনকে চাপা দিয়ে মাইক্রোবাস খাদে

ঝিনাইদহের সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক স্কুল ছাত্রী ও এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে; আহত হয়েছে আরও একজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 12:15 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

বুধবার সকালে সদর উপজেলার পোড়াহাটি এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান।

নিহতরা হলেন- পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন (১৪) ও ঘোড়ামারা গ্রামের মহম্মদ আলির ছেলে রং মিস্ত্রী ইমামুল হক (২০)।

আহত রেজাউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনক বলেন, ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ যাওয়ার পথে মাইক্রোবাসটির সামনের চাকা ফেটে যায়।

“এ সময় মাইক্রোবাসটি তাসলিমা ও বাইসাইকেল আরোহী ইমামুলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।” 

পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।