হবিগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
হবিগঞ্জ সদর উপজেলায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুর রহমান জানান, সোমবার মধ্য রাতে শহরতলীর আনোয়ারপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত সাবাজ মিয়া (২৫) ওই এলাকার মাতাব আলীর ছেলে।
ওসি বলেন, “শহরতলীর আনোয়ারপুর পয়েন্ট থেকে একদল ছিনতাইকরীরা যাত্রীর বেশে সাবাজের ইজিবাইকে করে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে ছিনতাকারীরা সাবাজকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”
এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সাবাজের লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধার এবং একটি মোটর সাইকেলসহ তিনজনকে জনকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
