বগুড়ায় নিজ বাড়িতে ব্যবসায়ীর স্ত্রী খুন
বগুড়া শহরে নিজের বাড়িতে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারী।
সোমবার বিকালে মালতীনগর এলাকায় নিজ শয়নকক্ষ থেকে ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জিন্নাত ফারজানা তালুকদার এলমা (৪৫) শহরের ফল ব্যবসায়ী মকুল হোসেনের দ্বিতীয় স্ত্রী।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে কয়েকশ প্রতিবেশীকে দেখা গেলেও তারা এ বিষয়ে কোনো কথা বলছেন না।
বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান বলেন, মালতিনগরে যেখানে এলমা নিহত হয়েছেন সেটি একটি চার তলা ফ্ল্যাট। ওই ফ্লাটবাড়ির নিচতলায় তিন কক্ষের একটি বাসায় এলমা ব্যবসায়ী স্বামী মুকুলের সঙ্গে বসবাস করছিলেন। তিনি মুকুলের দ্বিতীয় স্ত্রী।
“তবে কে বা কারা হত্যা করেছে তা এখনও পরিষ্কার নয়। তার স্বামী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মুকুল হোসেন বলেন, “বগুড়া সেন্ট্রাল মসজিদে আসরের নামাজ আদায় করার পর পাশেই একটি দোকানে ব্যবসার খোঁজ খবর নিচ্ছিলাম। এমন সময় প্রতিবেশী একজনের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখি তার রক্তাক্ত লাশ।”
নিহতের মেয়ে জামাই পাপ্পু বলেন, “বাসার বাইরে মূল দরজা সব সময় তালাবন্ধ থাকে। সেখানে দিনের বেলায় আমার শাশুড়ি একা থাকেন। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শাশুড়ির লাশ তার শয়নকক্ষে পড়ে আছে। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
তার শাশুড়ির সঙ্গে শ্বশুরের কোনো বিরোধের খবর তার কাছে নেই বলে জানান।
