সিলেটে নারী চিকিৎসক লাঞ্ছিত, মানববন্ধনে প্রতিবাদ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শনিবার দুপুরে ওই হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওই প্রতিষ্ঠান ছাড়াও নর্থইস্ট মেডিকেল কলেজ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, পার্ক ভিউ মেডিকেল কলেজ ও ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
বৃস্পতিবার বিকেলে এক রোগীকে সেবা দিতে অবহেলার অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে গালাগাল করেন ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে এই কর্মসূচি।
সারোয়ারের গালাগালা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার পরপরই উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে কাজে ফেরান।
চিকিৎসক নাজিফা বলেন, “পেটে ব্যথার এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন কয়েকজন লোক। রোগীর মেডিকেল হিস্ট্রি নিতে গিয়ে আমি তাদের মধ্যে একজন বা দুইজনকে থাকতে বলে। বাকিদের বাইরে যেতে বলি। কিন্তু একজন এতে ক্ষেপে যায় এবং অকথ্য ভাষায় আমাকে গালাগাল করতে থাকে। পরে তিনিই তার পরিচয় দেন তিনি ছাত্রলীগ নেতা ।“
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সারোয়ার বলেন, “রোগী দেখতে বিলম্ব করায় ‘মাথাগরম’ হয়ে যাওয়ায় এ আচরণ করেছি। এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছি।”
ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসে নাজিফা লিখেছেন, তাকে ‘ধর্ষণের’ হুমকি দিয়েছেন সারোয়ার।
“একবার বাইরে বের হ। রেইপ করে ফেলব। আমার পা ধরে তোকে মাফ চাইতে হবে।”
এ সময় কোমর থেকে ছুরি বের করে সারোয়া হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন নাফিজা।
তবে সারোয়ার তা অস্বীকার করেছেন।
তিনি বলেন, “মাথা গরম হওয়ায় গালিগালজ করেছি। হত্যা বা ধর্ষণের হুমকি দেইনি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে সারোয়ার উত্তেজিত হয়ে গালাগাল করছেন দেখা যাচ্ছে।
এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) ফেরদৌস আহমেদ বলেন, অনাকাঙ্ক্ষিত সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। আজ এ নিয়ে বৈঠকে বসবে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসাপাতালের চিকিৎসকদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হবে।
