সুন্দরবনে বাঘের থাবায় বনজীবী আহত
ফণীর আতঙ্কের মধ্যে মাছ ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে এক বনজীবী আহত হয়েছেন।
আহত আশরাফুল ইসলাম খোকন জেলার শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের আবুল কাশেমের ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ জানান, শুক্রবার সকালে আঠারোবেকির রাজাখালী খালে কাঁকড়া ধরতে গিয়ে খোকন বাঘের মুখে পড়েন।
“কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি বাঘ তার ওপর হামলে করে। বাঘ তার মুখে থাবা দেয়। এ সময় খোকনের সঙ্গী বাবু চিৎকার করার পাশাপাশি বৈঠা দিয়ে ডিঙ্গির গায়ে আঘাত করলে বাঘ ঘাবড়ে যায়। খোকনকে ছেড়ে দিয়ে বনের মধ্যে চলে যায়।”
বাবু আহত খোকনকে ডিঙ্গিতে তুলে বন থেকে বেরিয়ে আসেন। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন বলে জানান বন কর্মকর্তা রফিক।
রমজাননগর ইউনিয়নের সাবেক সদস্য ওয়াইল্ড টিমের টেংরাখালী এলাকার দলনেতা আনোয়ারুল ইসলাম বলেন, বাঘ খোকনের মুখ ও গলায় থাবা দিয়েছে। খোকন কথা বলতে পারছেন না। কাগজে লিখে জানাচ্ছেন তার বর্তমান অবস্থা।
