নড়াইল হাসপাতালের সেই ৪ চিকিৎসক বরখাস্ত
ওএসডি করার একদিন পর নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নড়াইল সদর হাসপাতালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর সোমবার বিকালে একথা জানান।
এই চার চিকিৎসক হলেন সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শওকত আলী ও ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।
সম্প্রতি নড়াইলের সাংসদ মাশরাফি বিন মুর্তজা সদর হাসপাতালে হাসপাতাল পরিদর্শনের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। বিকালে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের না পেয়ে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সার্জারির একজন চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেন।
এরপর রোববার ওই হাসপাতালের চার চিকিৎসককে ওএসডি করা হয়।
ডা. আব্দুস শাকুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চার চিকিৎসকের ওএসডি সংক্রান্ত আদেশ রোববার দুপুরে হাসপাতালে এসে পৌঁছায়। পরে সোমবার ওই চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সদর হাসপাতালে পৌঁছেছে বলে তিনি জানান।
সোমবার সদর হাসপাতালের সকল চিকিৎসক উপস্থিত ছিলেন বলে জানান শাকুর।
নড়াইল সদর হাসপাতালে ৩৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন ১৭ জন। এর মধ্যে পাঁচজন চিকিৎসক আছেন সংযুক্তিতে। ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, অধিকাংশ চিকিৎসকই সপ্তাহে এক থেকে তিনদিনের বেশি হাসপাতালে থাকেন না।
