২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১০ ‘সর্বহারা’ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলার মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 11:20 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

রোববার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন, ভোর রাতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

মামলায় অভিযোগ করা হয়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় গত ৮ এপ্রিল রাতে সর্বহারা দলের সদস্যরা দেওয়ালে হাতে লেখা পোস্টার লাগানোর সময় থানার টহলরত পুলিশের এএসআই নান্নু মিয়া বাধা দিলে চরমপন্থিরা তার ডান পায়ে গুলি করে।

পরে ঢাকা নিয়ে গেলে চিকিৎসকরা তার এক পা কেটে বাদ দেন। এ ঘটনায় গত ৯ এপ্রিল শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এরপর শ্রক্রবার রাতে ভবানিপুর এলাকায় ‘দুদল সর্বহারার’ মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। 

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দামুয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক, খিয়াইল গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে শ্রী দিলিপ চন্দ্র দাস, সারাইল গ্রামের মৃত বানাত আলীর ছেলে ইসমাইল হোসেন ও ইউসুফ আলী, মৃত নাঈম উদ্দিনের ছেলে মজিবর রহমান, তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিঁপুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আল-আমিন, খলিলুর রহমানের ছেলে শামীম হোসেন, মৃত হাসান আলীর ছেলে আব্দুল আজিজ, দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিঁপুল গ্রামের মৃত নবাব আলী প্রাং ছেলে কামাল উদ্দিন প্রাং এবং তালম ইউনিয়নের হাড়ীসোনা গ্রামের মৃত মেহের আলী আকন্দ ছেলে আবু সাঈদ।