২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাক-অটো সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফেনীর ফুলগাজীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 04:38 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

রোববার দুপুরে উপজেলার আনন্দপুরে হাসানপুর রাস্তার মোড়ের ফেনী-বিলোনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলগাজী থানার এসআই মোহাম্মদ সেলিম জানান।

নিহত খোরশেদ খাঁন (৪৫) উপজেলার আনন্দ ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে ও ঢাকার ফকিরাপুলে ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী।

আহত অটোরিকশা চালক সালেহ আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বন্ধু বেলাল ভূঞা বলেন, উপজেলার আনন্দপুর কালিরহাট বাজার থেকে অটোরিকশায় করে ফেনী যাচ্ছিল খোরশেদ। পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং খোরশেদ নিহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরই ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে জানান এসআই। 

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।