মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশ সদস্য নিখোঁজ
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের পর নিখোঁজ রয়েছেন এক কনস্টেবল।
ট্রলারে করে আসামি ধরতে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে শুক্রবার মধ্যরাতে জাটকা ধরতে থাকা জেলেদের এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোশারফ হোসেন।
হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চর কোড়ালিয়া এলাকায় রাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়।
“পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদী পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।”
পুলিশ পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
তিনি বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও পুলিশ সদস্য মোশারফ নিখোঁজ হয়।”
ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ নদীতে খোঁজ চালিয়েও শনিবার সকাল পর্যন্ত মোশারফকে উদ্ধার করতে পারেনি।
