রিমান্ড শুনানিতে ‘অসুস্থ’ আ.লীগ নেতা হাসপাতালে
চাঁদাবাজির মামলার রিমান্ড শুনানি চলার সময় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম হাশেম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলমের নির্দেশের পর নজরুলকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর জানান, শাহজাদপুর উপজেলার ভগিরত পুঠিয়া এলাকার বালু ব্যবসায়ী ইউসুফ আলী তার বালুমহালে চাঁদাবাজির অভিযোগ এনে শুক্রবার বিকালে নজরুল ইসলাম হাশেম ওরফে প্যানা হাশেমসহ তিন জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার নজরুল কারাগারে ছিলেন।
এসআই বলেন, এ মামলায় নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার রিমান্ড শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়।
“শুনানির এক পর্যায়ে নজরুল অসুস্থ হয়ে পড়লে বিচারক শুনানি স্থগিত করে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।”
