‘হত্যা মামলার বদলে অপমৃত্যুর মামলা’, লাশ নিয়ে সড়কে স্বজনেরা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূকে হত্যা হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে; এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ তা অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করে বলে ওই নারীর স্বজনরা জানিয়েছেন।
এর প্রতিবাদে লাশ নিয়ে সোমবার সকাল ৯টা থেকে দেড় ঘণ্টা উপজেলার ভাইট বাজারে এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে নিহতের বাড়ির লোকজন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, পুলিশের আশ্বাসের পর সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
নিহত সোনিয়া উপজেলার গোয়াল খালি গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের স্ত্রী।
পুলিশ বলছে, সোনিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
নিহতের বাবা ফিরোজ হোসেন বলেন, তার মেয়ের সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক ছিল; এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে আসছিল।
এর জেরে রোববার সকালে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর গলায় ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ সোনিয়ার বাবার।
তিনি বলেন, “এ ঘটনায় থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে অপমৃত্যুর মামলা রেকর্ড করে। এ ঘটনায় সোনিয়ার শ্বশুর ও শাশুড়িকে আটক করা হলেও পুলিশ তাদের ছেড়ে দেয়।“
মামলার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক বলেন, “প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
এছাড়া সোনিয়ার একটি ডায়েরি তাদের হাতে এসেছে, যেখানে তার মৃত্যুর জন্য দায়িদের নাম উল্লেখ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিরি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে; প্রতিবেদন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
