টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে।
রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের জব্বার মুন্সীর হ্যাচারী সংলগ্ন এলাকার
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান।
নিহত মোহাম্মদ মহিউদ্দিন (৩২) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া এলাকার বাসিন্দা।
র্যাব বলছে, মহিউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
মেজর রবিউল বলেন, র্যাবের একটি টহলদল ঘটনাস্থলে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক বিক্রেতারা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখ যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।“
এছাড়া ঘটনাস্থল দশ হাজার ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধারের কথাও জানায় র্যাব।
