২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘যৌন হয়রানি’, যুবক গ্রেপ্তার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও জখম করার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 11:40 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

সুধারাম মডেল ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে মাইজদী শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হৃদয় হোসেন (৩০) নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের আনোয়ার হোসেনের ছেলে।

ওসি আনোয়ার জানান, মঙ্গলবার দুপরে এ ঘটনায় ছাত্রীটি বাদী হয়ে হুদয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আনোয়ার মামলার বরাত দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী লক্ষ্মীনারায়ণপুরে হৃদয়দের বাড়িতে তার ছোট বোনকে (সপ্তম শ্রেণীর ছাত্রী) প্রাইভেট পড়ান।

তার বাড়ি সদর উপজেলার পূর্ব চরমটুয়া গ্রামে। মাইজদী হাউজিং আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

ওসি বলেন, গত ২ মার্চ রাত পৌনে ৯টার দিকে প্রাইভেট পড়ানোর পর ওই বাড়ি থেকে হাউজিং আবাসিক এলাকায় ফিরছিলেন ছাত্রীটি। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সামনে হৃদয় ছাত্রীটিকে তার মোটরসাইকেলে উঠার প্রস্তাব দেয়।

“ছাত্রীটি এতে রাজি না হলে হৃদয় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে তাকে মাথায় আঘাত করে ধাক্কা মেরে ফেলে দেয়।”

ওসি বলেন, এতে ছাত্রীটি মাথা থেকে রক্তক্ষরণ হয়। এরপর তাকে ৯ মার্চ পর্যন্ত মাইজদী ও চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সুস্থ হয়ে ফিরে এসে ওই ছাত্রী মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন বলে ওসি জানান।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ হয়ে ছাত্রীটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে পুরো ঘটনা অবহিত করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে জানায়।