২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলসাগরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নীলফামারী সদরে নীলসাগর দিঘিতে চারদিন আগে পুণ্যস্নানে নেমে নিখোঁজ কিশোর সুমন চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 05:32 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

রোববার সকাল সোয়া ৮টার দিকে নীলসাগর দীঘির উত্তর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নীলফামারী সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান।

জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রাম মোনাগঞ্জ গ্রামের কৃষক সুকুমার চন্দ্র রায়ের ছেলে সুমন (১৬) চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ‍বুধবার  সকালে সুমন ও তার তিন বন্ধু নীলসাগরে হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যস্নানে নেমে নিখোঁজ হয়। এরপর থেকে ডু্রবুরি দলের উদ্ধার অভিযানের মধ্যেই তার লাশ ভেসে উঠে।

সুমনসহ তারা চার বন্ধু নীলসাগরে পুণ্যস্নানে যান বুধবার সকালে। এক পর্যায়ে তারা চারজনই সঙ্গে নেওয়া জামা-কাপড় দিঘীর পশ্চিম পাড়ে রেখে সাঁতার শুরু করেন পূর্ব প্রান্তের উদ্দেশে।

সুমনের সঙ্গে থাকা বন্ধু উত্তম কুমার রায় জানান, দিঘীর মাঝ বরাবর গিয়ে সুমন জানায় তার খারাপ লাগছে। এ সময় তাকে ফেরৎ যেতে বলে তারা তিনজন পূর্ব প্রান্তের ঘাটে চলে যান সাঁতরে। এরপর থেকে সুমনকে আর খুঁজে পাওয়া যায়নি।

ওসি মমিনুল বলেন, “সুমন নিখোঁজের পর পরই রংপুর দমকল বাহিনীর একটি ডুবুরি দল তাকে উদ্ধরে জন্য অভিযানে চালায়। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। 

“পরে জেলা প্রশাসন কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে জালসহ জেলে আনেন। সকালে জেলেরা জাল ফেলার প্রস্তুতি নিলে এলাকাবাসী সুমনের লাশ ভেসে উঠতে দেখেন।”

সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম জানান।

পুরনো খবর:

নীলসাগরে পুণ্যস্নানে নেমে কিশোর নিখোঁজ