নওগাঁয় ৫ তলা ভবনে প্লাস্টিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ড
নওগাঁ শহরের আটাপট্টি এলাকায় পাঁচতলা একটি ভবনে প্লাস্টিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এ কে এম মোর্শেদ জানান, সোমবার বেলা আড়াইটার দিকে মজনুর রহমান নামে এক ব্যবসায়ীর প্লাস্টিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোর্শেদ বলেন, “অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পাঁচতলা ভবনটির ওপরতলায় রয়েছে প্লাস্টিক সরঞ্জামের গুদাম। চারতলায় পরিবার নিয়ে বসবাস করেন আরএফএলের স্থানীয় পরিবেশক মজনুর রহমান। ভবনটির দুই ও তিনতলায়ও রয়েছে প্লাস্টিক সরঞ্জামের গুদাম। আর নিচতালায় আছে দোকানপাট।
খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
