পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধাদানের অভিযোগ
ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আজহারুল হক আরজু এই অভিযোগ তুলে এ উপজেলায় পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
ফেনীর চার উপজেলায় রোবরার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ভোট হয়েছে ইভিএম-এ।
সরেজমিনে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী আরজুর এক ভোটার কেন্দ্রে ভোট দিতে গেলে নৌকার এজেন্টরা তার উপর হামলা করে তার ভোটটি নৌকার বাটনে চেপে দেয়। এ সময় ওই ভোটার প্রতিবাদ করলে তাকেসহ আরও দুইজনকে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকরা।
এদিকে, ইভিএমে ভোট শুরু হলেও সদরের ১২৭টি কেন্দ্রের কোনোটিতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আজহারুল হক আরজু।
“আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নির্দেশে ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে ভোট ডাকাতি করা হয়েছে।
“আমি রিটার্নিং কর্মকর্তাকে একাধিকবার অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমি এ নির্বাচন বাতিল করে পুণঃভোটের দাবি জানাচ্ছি।”
ফেনী সদর উপজেলার নৌকার চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, “প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি কম ছিল। যতটুকু ভোট পড়েছে তাতেই আমি বিজয়ী হব।”
ফেনী সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম বলেন, “হালকা কিছু অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফেনী সদর উপজেলার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলেও ফুলগাজী, সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়েছে।
সদর উপজেলায় শুধু চেয়ারম্যন পদে ভোট হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন।
ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন করে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সরকার দলীয় প্রার্থীরা ইতিমধ্যে বিজয়ী হয়েছেন।
