বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘বাস থেকে ফেলে হত্যা’: চালকের সহকারী আটক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র ঘোরি মোহাম্মদ ওয়াসিকে ‘বাস থেকে ফেলে হত্যার’ ঘটনায় চালকের পর তার সহকারীকেও সুনামগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রাম থেকে শনিবার রাত ২টার দিকে মাসুক আলীকে আটক করা হয় বলে জেলার পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান।
এর আগে শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়াকের শেরপুর এলাকায় উদার পরিবহনের বাস থেকে পড়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ২১ বছর বয়সী ওয়াসিম নিহত হন।
বাস ভাড়া ও সিট না পেয়ে বাসের সহকারীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ওয়াসিকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে তার সহকারী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন।
এরপর রাতেই অভিযান চালিয়ে বাসের চালক জুয়েলকে আটক করে পুলিশ।
আটক মাসুক সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, ঘটনার পর পরই মাসুক পালিয়ে গিয়ে সিংচাপইড় গ্রামে তার শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়।
“পরে গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটকের পর সুনামগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সে অস্বীকার করেছে।”
আরও জিজ্ঞাসাবাদের পর মাসুককে মৌলভীবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আটকদের আদালতে হাজির করে রিমাণ্ডের আবেদন করা হবে।
