২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী কারাগারে

গাজীপুরে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 01:52 PM

Updated : 18 Aug 2022, 05:01 PM

জেলার জয়দেবপুর থানার এসআই রিপন কুমার দাস জানান, আদালতের নির্দেশে আসাদুল ইসলাম (২৫) নামে এই আসামিকে সোমবার তারা কারাগারে পাঠান।

এর আগে মামলার পর রোববার রাতে তাকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আসাদুল জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

২১ বছর বয়সী পোশাককর্মীর অভিযোগ, বছর দুই আগে বাঘের বাজার এলাকায় তিনি পোশাক কারখানায় চাকরি করার সময় কর্মস্থলে যাওয়া-আসার পথে আসাদুল তাকে উত্ত্যক্ত করতেন।

“চাকরি পাল্টিয়েও তার কাছ থেকে রেহাই পাইনি।”

পরে তিনি আদালতে মামলা করেন জানিয়ে বলেন, “মামলার পর আসাদুল আমাকে বিয়ে করতে চাইলে সরল বিশ্বাসে মামলা প্রত্যাহার করি। এর দুই মাস পরই আসাদুল আমাকে ডিভোর্স দেয়।

“এরপর গত ৪ মার্চ সন্ধ্যায় কারখানা ছুটির পর বানিয়ারচালা কাঁচা রাস্তায় হঠাৎ আসাদুল আমার পথরোধ করে। একটি কাচের বোতল দেখিয়ে বলে, তার সঙ্গে না গেলে এসিড মেরে ঝলসে দেবে। নিরুপায় হয়ে আমি তার সঙ্গে যাই। পরে সে আমাকে একটি ছোট ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে ছেড়ে দেয়। এসব বিষয় কাউকে জানালে বা মামলা করলে আমাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়।”

পরে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন বলে জানান।