দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শার্শায় সড়ক অবরোধ
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী আহত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনায় স্থানীয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোফতাহুল জান্নাত নিপা আহত হয়।
পরে ওই শিক্ষার্থীর ডান পা কেটে বাদ দেওয়া হয় বলে স্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানিয়েছেন। ওই শিক্ষার্থীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর নাভারন-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, “নিপা একটি ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুতের একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিপাকে ধাক্কা দিলে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
তিনি বলেন, এ খবর ছড়িয়ে পড়লে নাভারন অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাভারন-সাতক্ষীরা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পল্লী বিদ্যুতের সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সকল যান চলাচল।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রউফ জানান, মেয়েটির ডান হাঁটুর নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। তার বাম পা ও ডান হাত ভেঙে গেছে।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
