সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরেছেন
বৈরী আবহাওয়ায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া আড়াই হাজারের বেশি পর্যটকদের ফিরিয়ে এনেছে পাঁচটি জাহাজ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকায় পর্যটকদের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়।
“সন্ধ্যার আগেই বুধবার আটকা পড়া আড়াই হাজারের বেশি পর্যটকদের নিয়ে পাঁচটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে ফিরে আসে।”
ইউএনও রবিউল বলেন, “বৃহস্পতিবার সকালে ওই পর্যটকদের ফিরিয়ে আনার জন্য টেকনাফ স্থলবন্দরের জেটিঘাট থেকে পাঁচটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। এসব জাহাজে নতুন করে আবার অন্তত আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন বেড়াতে যান। সন্ধ্যার আগেই বুধবার আটকা পড়া পর্যটকদের নিয়ে পাঁচটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে ফিরে আসে।”
মঙ্গলবার দুপুর থেকে সাগরে মৌসুমি বায়ুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বজ্রমেঘের ঘনঘটা শুরু হয়। উপকূলীয় এলাকাজুড়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিপাত হয়। এই বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলকারী মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।
