চাচার ‘প্রস্তাবে মা সাড়া না দেওয়ায়’ খুন হয় ব্রাহ্মণবাড়িয়ার শিশু হালিমা
চাচার অনৈতিক প্রস্তাবে মা সাড়া না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার শিশু হালিমা আক্তারকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় হালিমার চাচা হেলাল মিয়া (২৬) ও তার সহযোগী রুবেল মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সোমবার সংবাদ সম্মেলনে বলেন, রোববার রাতে আটকের পর হেলাল এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন।
শনিবার ভোরে বাড়ি থেকে নিঁখোঁজের পর বেলা পৌনে ১টার দিকে বাড়ির কাছেই শহরের ভাদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে হালিমার লাশ মেলে।
পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, “অভিযোগ পাওয়া গেছে যে নিহত হালিমার মাকে তার চাচা হেলাল মিয়া মাস খানেক আগে কুপ্রস্তাব দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডাও হয়। এর পর থেকে হেলাল প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন বলে স্বীকার করেছেন। তখন থেকেই হেলাল হালিমাকে হত্যার পরিকল্পনা করেন।
“কয়েকদিন আগে হালিমাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার পরিকল্পনা করেন হেলাল, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়। শনিবার সকালে সুযোগ পেয়ে হেলাল তাকে চিপস দিয়ে বাড়ির বাইরে নিয়ে যান। বাড়ির অদূরেই একটি বহুতল ভবনের পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন হেলাল ও রুবেল।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ ও সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন সংবাদ সম্মেলনে ছিলেন।
