শরীয়তপুরে তাঁতপল্লির জায়গায় ঘরবাড়ি নির্মাণের হিড়িক
শরীয়তপুরের নাওডোবায় তাঁতপল্লি প্রতিষ্ঠার ঘোষণার পর সেখানে ঘরবাড়ি নির্মাণসহ অবৈধভাবে চারা লাগানোর হিড়িক পড়েছে।
জেলা প্রশাসন নোটিশ জারি করার পরও নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন পদ্মা সেতুর দক্ষিণ পারে জাজিরা উপজেলার নাওডোবায় গিয়ে কারিগরদের ব্যস্ততা দেখা গেছে।
সেখানকার একটি জমির মালিক বাবুল মাদবর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার জমিতে বসবাসের জন্য ঘর তুলছি। সবাই ঘর তুলছে। এজন্য আমিও তুলছি। শুধু আমরাই ঘরবাড়ি বানাইনি। ভূমি কর্মকর্তা আবদুল হক লিটনসহ অনেকেই ঘর তুলেছেন।”
আারেকটি জমির মালিক খলিল মাদবর।
“আমাদের বাড়িতে জায়গা কম। এ কারণে নতুন ঘর নির্মাণ করছি। আমরা শুনেছি এ এলাকায় তাঁতপল্লি হবে। আমরা এখনও কোনো নোটিশ পাইনি।”
নাওডোবার আলমগীর ঢালি ও আবু ইউসুফ বলেন, তাঁতপল্লি প্রতিষ্ঠার ঘোষণা আসার পর জমির মালিকরা অধিক দামে জমি বিক্রির জন্য রাতারাতি ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা রোপণ করছেন।
নাওডোবা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবদুল হক লিটন বলেন, তাদের অফিসের কেউ সেখানে কোনো ঘর নির্মাণ করেননি।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, “অবৈধ ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা রোপণের খবর পেয়ে ওই এলাকায় মাইকিং করে ৭২ ঘণ্টার মধ্যে নুতন ঘরবাড়ি ও গাছপালা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
ইতোমধ্যে তাঁত বোর্ডের পক্ষ থেকে সরেজমিন ঘটনা তদন্ত করা হয়েছে বলে তিনি জানান।
