বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি রপ্তানীমুখী পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেড়ঘন্টা বিক্ষোভ করেছে।
উপজেলার বরাব এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি এম এ হক জানান।
তিনি বলেন,“ রপ্তানীমুখী অন্তিম নিটিং অ্যান্ড ফিনিসিং কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।এক পর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিলে সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়।”
পরে কারখানা কর্তৃপক্ষ আগামী সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে ওসি জানান।
